ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোট প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করেছেন।
বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নুসরাত তাবাসসুম।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা থাকলেও নুসরাত তাবাসসুম ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার অভিযোগে নির্বাচন কমিশন প্রথমে তার মনোনয়নপত্র গ্রহণ করেনি।
পরে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
এর আগে গত ৩ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। সংসদ সচিবালয় জানায়, বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন সদস্য শপথ নেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মোট সংখ্যা ৫০টি। এর মধ্যে জামায়াত জোট পেয়েছে ১৩টি আসন।