ঈদযাত্রা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৩ মে) সকাল থেকে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম চালু করা হয়। টিকিট কালোবাজারি ও অনিয়ম ঠেকাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলীয় ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। যাত্রীরা শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। কাউন্টার থেকে অগ্রিম আসনের টিকিট বিক্রির কোনো ব্যবস্থা রাখা হয়নি। ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই অনুযায়ী, ২৪ মে’র যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার জন্য একবারেই সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এছাড়া অগ্রিম কেনা টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলেও জানানো হয়েছে। তবে যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এ সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।