পানি সম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ-নেদারল্যান্ডস বৈঠক, নেদারল্যান্ডসের সঙ্গে পানি ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতায় সহযোগিতা জোরদারের আহ্বান
পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশের টেকসই উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি নদী রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বুধবার রাজধানীতে মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নযাত্রায় নেদারল্যান্ডস গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। বিশেষ করে পানি ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে দেশটির অবদান উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে আধুনিক প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হতে পারে।
জবাবে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ডেল্টা ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন, বন্যা ঝুঁকি হ্রাস এবং টেকসই নদী ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখতে তার দেশ আগ্রহী।
বৈঠকে পানি সম্পদ সচিব ড. এ কে এম শাখাওয়াত হোসেন এবং নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়াটার অ্যান্ড ক্লাইমেট ইঙ্গ্রিড কারসেনও উপস্থিত ছিলেন।