মানসম্মত শিক্ষা নিশ্চিতে ইংলিশ মিডিয়াম স্কুলে নতুন নীতিমালা ববি হাজাজ্জ
দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত ও সমতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও জবাবদিহিমূলক শিক্ষা কাঠামো গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ্জ। তিনি বলেছেন, শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহিতা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিশ্চিত করতেই দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হয়েছে।
মঙ্গলবার রাজধানীতে দ্য আগা খান একাডেমি ঢাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের আয়োজিত স্টুডেন্ট এক্সিবিশন ঘুরে দেখেন এবং তাদের গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।
এছাড়ও প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করেই থেমে থাকবে না; বরং চিন্তাশক্তি, উদ্ভাবনী সক্ষমতা এবং নেতৃত্বগুণ অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করবে। আগামী দিনের বাংলাদেশ গঠনে আজকের শিক্ষার্থীদের দক্ষ, মূল্যবোধসম্পন্ন ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম-যে ধারাতেই শিক্ষার্থী পড়ুক না কেন, সবার জন্য সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। সরকার সেই লক্ষ্যেই শিক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে।
ববি হাজাজ্জ শিক্ষাপ্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষা পদ্ধতি, শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান এবং নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতাভিত্তিক শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন। পরিদর্শনকালে দ্য আগা খান একাডেমি ঢাকার শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।