ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি পোল্ট্রি খামারে বিষ প্রয়োগে প্রায় তিন হাজার ব্রয়লার মুরগি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২০ এপ্রিল) আখানগর ইউনিয়নের ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে অবস্থিত একটি খামারে এ ঘটনা ঘটে।
খামারের মালিক আবু সাঈদ অভিযোগ করেন, তিনি চুক্তির ভিত্তিতে তিনটি শেডে প্রায় সাড়ে সাত হাজার মুরগি পালন করছিলেন। সকালে কে বা কারা খামারে কীটনাশক প্রয়োগ করলে হঠাৎ করে মুরগিগুলো মারা যেতে শুরু করে। এতে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, একসঙ্গে বিপুলসংখ্যক মুরগি পালন করায় এখনো ধীরে ধীরে কিছু মুরগি মারা যাচ্ছে, যা ক্ষতির পরিমাণ আরও বাড়াতে পারে।
স্থানীয়ভাবে জানা গেছে, মৃত মুরগির কিছু অংশ মাটিতে পুঁতে ফেলা হলেও বাকি অংশ পাশের পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এতে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এবং পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। খামারে বিষ প্রয়োগের অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন তারা।