ফরিদপুর সদরে আলোচিত তিন খুনের ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লা (২৮)কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে সদর উপজেলার Aliabad Union-এর গদাধরডাঙ্গী গ্রামে বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল উদ্ধার করে ঘটনার পেছনের কারণ উদঘাটনে কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ মোল্লা আগে একটি যক্ষা নিরাময় কেন্দ্রে চাকরি করতেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে চাকরি হারানোর পর তিনি কয়েক মাস ধরে বাড়িতে অবস্থান করছিলেন। মাঝে মধ্যে নিখোঁজ হয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে এনে ঘরে রাখতেন।
অভিযানে অংশ নেওয়া র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান জানান, অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার আচরণ ছিল অসংলগ্ন, যা তার মানসিক অবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনি কার্যক্রম শুরু করে।
উল্লেখ্য, সোমবার (২৭ এপ্রিল) রাতে একই ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে অভিযুক্ত আকাশ মোল্লা কোদাল দিয়ে এলোপাতাড়ি হামলা চালালে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতরা হলেন-তার ফুফু রাহেলা বেগম (৫০), দাদি আমেনা বেগম (৭৫) ও প্রতিবেশী কাবুল (৪৫)। একই ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হন।