Tarique Rahman নিজেকে দেশ গড়ার কারিগরদের একজন হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। শ্রমিকদের খাতায় নিজের নাম অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (১ মে) রাজধানীর পল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক দলের সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে তারেক রহমান বলেন, “একজন শ্রমিক হিসেবে আপনাদের খাতায় নাম লেখাতে চাই। আপনারা যেভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত, আপনাদের সঙ্গে থেকে আমিও সেই ভূমিকা রাখতে চাই।” একই সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যদেরও শ্রমিক হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে এগিয়ে নিতে হবে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের শ্রমিক হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার জন্য শপথও করান তিনি।
তারেক রহমান অভিযোগ করেন, গত এক যুগেরও বেশি সময় ধরে শ্রমিক, ছাত্র, শিক্ষক ও নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন, দেশের খেটেখাওয়া মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হওয়ায় গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় জানিয়েছে।