বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টির কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ পুলিশে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নন-পুলিশ পদ রয়েছে ২ হাজার ৭৬২টি।
নতুন সৃষ্ট পদগুলোর মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) ৫০০টি, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ৪ হাজার এবং কনস্টেবল পদ ১০ হাজার রয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২ হাজার ৭০৩টি কনস্টেবল শূন্যপদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সরাসরি ২ হাজার এএসআই নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে এসব তথ্য দেন মন্ত্রী। অন্যদিকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে ৪৬৪টি হত্যা ও ৬৬৬টি ধর্ষণের মামলা হয়েছে।
তিনি বলেন, এসব মামলায় হত্যা ঘটনায় ৬০৪ জন এবং ধর্ষণ ঘটনায় ৫৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে হত্যা মামলায় ১১ জন ও ধর্ষণ মামলায় ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন।
মন্ত্রী আরও জানান, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে মামলাগুলো নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া চলমান রয়েছে।