শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ছবি: সংগৃহীত
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কেউ দুর্নীতিতে জড়ালে ২৪ ঘণ্টাও দায়িত্বে থাকতে পারবেন না।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বক্তব্যে শিক্ষামন্ত্রী জানান, মন্ত্রণালয়ে অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, একই দিনে একজন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এসএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে নেওয়ার একটি পরিকল্পনা রয়েছে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এদিকে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নেবে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী।