দেশে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ধাপে ধাপে প্রাথমিক শিক্ষার স্তর বাড়িয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। একইসঙ্গে ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
এর আগে দেশের ৭২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু ছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময় এসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বর্তমান সরকার আবারও সেই ব্যবস্থা পুনর্বহালের চিন্তাভাবনা করছে। অনুষ্ঠানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত জটিলতার বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন মামলার কারণে ছয় হাজারের বেশি শিক্ষক এবং প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে। এছাড়া নতুন করে ১৪ হাজার শিক্ষক নিয়োগের পরীক্ষাও সম্পন্ন হলেও যাচাই-বাছাই জটিলতায় তাদের নিয়োগ কার্যক্রম এখনও সম্পন্ন করা সম্ভব হয়নি।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষা খাতে টেকসই পরিবর্তন আনতে সমন্বিত নীতিমালা প্রণয়ন জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত ও সহযোগিতা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, দেশে চার লাখের বেশি শিক্ষক রয়েছেন, যারা এই খাতের বড় অংশীদার। তাদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত না করলে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা আসবে না।