পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বজনের বিরুদ্ধে। আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার তুষখালী ইউনিয়নের শাঁখারিকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিথী আক্তার (১৫) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বিথীর বাবা বাদল হাওলাদারের সঙ্গে তার স্বজনদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি জানতে গিয়ে বিথী ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। একপর্যায়ে তাদের একজন হাতুড়ি দিয়ে বিথীর ওপর হামলা চালায়।
এতে তার ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, আহত শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সে যেন আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে, সে লক্ষ্যে বিশেষ সহায়তার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
এদিকে থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।