এক গ্লাস লেবুপানি বদলে দিতে পারে আপনার দিন
দিনের শুরুতে এক গ্লাস লেবুপানি শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, লেবুতে থাকা ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামসহ নানা পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে। বিশেষ করে সকালে খালি পেটে লেবুপানি পান করলে শরীর দ্রুত পানিশূন্যতা কাটিয়ে ওঠে এবং সারাদিনের জন্য বাড়তি শক্তি পাওয়া যায়।
লেবুপানি শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি ত্বকের জন্যও উপকারী। লেবুর ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং ত্বকের বিভিন্ন সমস্যার ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। এছাড়া এটি শরীরের টিস্যু গঠনে সহায়তা করে। যাদের বুক জ্বালাপোড়া বা অম্বলের সমস্যা রয়েছে, তারা হালকা গরম পানিতে অল্প লেবুর রস মিশিয়ে পান করলে উপকার পেতে পারেন। লেবুপানি লিভারের কার্যকারিতা বাড়াতেও সহায়ক বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটি শরীরে প্রয়োজনীয় এনজাইম তৈরিতে সহায়তা করে।
মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও লেবুপানির ইতিবাচক প্রভাব রয়েছে। লেবুতে থাকা পটাশিয়াম স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে এবং দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে ভূমিকা রাখতে পারে। এছাড়া এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক বলেও ধারণা করা হয়। নিয়মিত লেবুপানি পান করলে শরীরের রক্তনালী পরিষ্কার রাখতে সাহায্য করতে পারে। পাশাপাশি হাড়, জয়েন্ট ও পেশির ব্যথা কমাতেও এটি উপকারী হিসেবে বিবেচিত হয়। অনেকে চা বা কফির পরিবর্তে সকালে লেবুপানি পান করে বেশি সতেজ অনুভব করেন।
গর্ভবতী নারীদের জন্যও পরিমিত লেবুপানি উপকারী হতে পারে। লেবুর ভিটামিন সি ও পটাশিয়াম গর্ভের শিশুর হাড়, মস্তিষ্ক ও কোষ গঠনে সহায়তা করে। একই সঙ্গে এটি মায়ের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
যেভাবে পান করবেন
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সামান্য কুসুম গরম পানি বা স্বাভাবিক তাপমাত্রার পানিতে পাকা হলুদ লেবুর রস মিশিয়ে পান করা ভালো। যাদের ওজন কম, তারা আধা লেবুর রস এক গ্লাস পানিতে মিশিয়ে পান করতে পারেন। আর বেশি ওজনের ব্যক্তিরা পুরো একটি লেবুর রস ব্যবহার করতে পারেন। তবে খালি পেটে অতিরিক্ত লেবু খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে, তাই পরিমিত পরিমাণে পান করাই উত্তম।